স্পোর্টস ডেস্ক | ৩১ জুলাই ২০২৬
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অপেশাদার দল এফসি রটচ-এগার্নকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তীব্র গরমের মাঝে অনুষ্ঠিত এই ম্যাচে বায়ার্নের গোল উৎসবের চেয়েও বড় চমক ছিল স্বাগতিক দলের হয়ে এক পুলিশ কর্মকর্তার মাঠে নেমে পড়া।
ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখ তাদের দ্বিতীয় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় তারা। ফিলিপ পাভিচ, আরিয়ন ইব্রাহিমোভিচ এবং ফেলিপ শ্যাভেজের জোড়া গোলে সহজ জয় নিশ্চিত হয় বায়ার্নের। দ্বিতীয়ার্ধে আরও ৯টি গোল করে তারা।
বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ওয়েবসাইটের ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং বায়ার্ন পুরো সময় জুড়েই খেলায় সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে রেখেছে।”
ম্যাচের ৮০তম মিনিটে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। স্বাগতিক রটচ-এগার্নের এক খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়লে তার পরিবর্তে মাঠে নামেন ১৯ নম্বর জার্সি পরা লুকাস প্যাটজোল্ড। ৫০ বছর বয়সী লুকাস ক্লাবটির অবৈতনিক কোষাধ্যক্ষ এবং স্থানীয় শহরের একজন পুলিশ কর্মকর্তা। দল যখন ১২-০ গোলে পিছিয়ে ছিল, তখন তিনি মাঠে নেমে বায়ার্নের তারকাদের বিরুদ্ধে খেলার সুযোগ পান।
বায়ার্নের পরবর্তী এশিয়া সফর
বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানুয়েল নয়্যার ও হ্যারি কেনের মতো তারকাদের ছাড়াই দলটি এশিয়ার অডি সামার ট্যুর ২০২৬-এর উদ্দেশ্যে রওনা হবে, যেখানে তারা ৪ এবং ৭ আগস্ট জেজু এসকে এফসি এবং অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে।

