জবি প্রতিনিধি | জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ‘গৌড় পূর্ণিমা’ ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে এবং ‘শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ’-এর তত্ত্বাবধানে এই উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী বিগ্রহ স্থাপন, গৌর কথা আলোচনা, অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিকেলের দিকে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণিল হোলি বা আবির উৎসব।
উৎসবের অন্যতম বিশেষত্ব ছিল এর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আয়োজনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণে পরিণত করে।
আয়োজনের বিষয়ে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্দিরে এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিকতায় আমরা অভিভূত। ভবিষ্যতে কেন্দ্রীয় মন্দিরে প্রতিটি ধর্মীয় উৎসব এভাবেই সবার অংশগ্রহণে পালিত হবে বলে আমরা আশা রাখি।’

