গুগল ম্যাপ বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত নেভিগেশন সেবাগুলোর একটি। প্রতিদিন প্রায় দুই বিলিয়ন মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতায়াতের পথ নির্ধারণ, আশপাশের প্রয়োজনীয় স্থান খোঁজা এবং নির্দিষ্ট গন্তব্যে সহজে পৌঁছানোর জন্য।
গুগল ম্যাপে যদি নিজের বাড়ি, অফিস, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান যুক্ত করা থাকে, তাহলে অন্যদের জন্য সেই ঠিকানা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এতে আলাদা করে কাউকে ঠিকানা বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না; গুগল ম্যাপ থেকেই নির্ভুল লোকেশন পাওয়া সম্ভব হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব সাধারণ কিছু ধাপ অনুসরণ করলেই যে কেউ গুগল ম্যাপে যেকোনো জায়গার ঠিকানা যুক্ত করতে পারেন। ব্যক্তিগত বাসা, অফিস, দোকান কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—সব ধরনের লোকেশনই এতে অন্তর্ভুক্ত করা যায়। গুগল বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিশেষ কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই।
প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপ চালু করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ডিভাইসে একটি গুগল অ্যাকাউন্ট লগইন করা আছে। এরপর অ্যাপের ভেতরে থাকা ‘Contribution’ অপশনে গিয়ে প্লাস (+) আইকনে চাপ দিতে হবে এবং সেখানে ‘Add Place’ নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে নির্দিষ্ট স্থানের নাম লিখে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যেমন দোকানের জন্য ‘Store’ অপশন।
এরপর প্রয়োজন অনুযায়ী লোকেশনের ছবি, যোগাযোগ নম্বর এবং খোলা ও বন্ধের সময় যুক্ত করা যাবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে সেভ করার পর সেন্ড আইকনে ক্লিক করতে হবে। তথ্য যাচাই শেষে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই গুগল কর্তৃপক্ষ সেই ঠিকানাটি ম্যাপে যুক্ত করে দেয়, অনেক ক্ষেত্রে এর চেয়েও কম সময় লাগে।
#

