মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া ‘বিনা শর্তে আত্মসমর্পণের’ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যেন আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে তাদের কবর পর্যন্ত নিয়ে যায়।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মাত্র একদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তেহরান বিনা শর্তে আত্মসমর্পণ না করলে ওয়াশিংটন কোনো ধরনের আলোচনায় বসবে না।
সংঘাতের দ্বিতীয় সপ্তাহে গড়িয়ে পরিস্থিতি এখন চরম অস্থিতিশীল। গত সপ্তাহে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সাথে নিয়মিত গোলাগুলি চালাচ্ছে। একইসঙ্গে পারস্য উপসাগরীয় বেশ কিছু দেশের মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর চাপ সৃষ্টি করে বা সামরিক হামলা চালিয়ে দেশটিকে নতজানু করা সম্ভব নয়।
খামেনির মৃত্যুর পর বর্তমানে তিন সদস্যের একটি ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ ইরানের শাসনভার পরিচালনা করছে। এই পরিষদে রয়েছেন অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের কট্টরপন্থী প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ি এবং জ্যেষ্ঠ আলেম আলিরেজা আরাফি। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদই যুদ্ধের সিদ্ধান্তসহ রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান আকাশপথ অবরোধ, তেলের বাজারে অস্থিরতা এবং সরাসরি সামরিক সংঘাত পুরো অঞ্চলকে এক মহাযুদ্ধের কিনারে নিয়ে দাঁড়িয়েছে।

