মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে এসএসসি পরীক্ষার লিখিত অংশ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের জন্য এই সময়সূচি প্রযোজ্য হবে।
সময়সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা (আবশ্যিক)-এর প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, অর্থনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ক্যারিয়ার শিক্ষা এবং অন্যান্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। শেষ দিনে জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।
বোর্ড জানায়, পরীক্ষার প্রথম ৩০ মিনিট শুধুমাত্র বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের জন্য নির্ধারিত থাকবে এবং পরবর্তী সময় সৃজনশীল বা রচনামূলক অংশের উত্তর লিখতে হবে। কোনো পরীক্ষায় উভয় অংশ মিলিয়ে সময় বণ্টন পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় দেওয়া হবে না।
এদিকে, ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুন থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার সময় প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্র ও প্রতিষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের নিজ নিজ রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তারিখের বাইরে কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে না। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার খাতা, নম্বরপত্র ও প্রয়োজনীয় নথিপত্র বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ ও প্রেরণ করতে হবে।
বিশেষ নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস বা ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র বহন করতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
প্রশ্নপত্র ফাঁস বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বোর্ডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণে প্রয়োজনে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। সে ক্ষেত্রে সংশোধিত সূচি বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের নির্দেশনা অনুসরণ এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
#আরএ

