Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»আন্তর্জাতিক»বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, তদন্তে এনভিডিয়ার সিইও
    আন্তর্জাতিক

    বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, তদন্তে এনভিডিয়ার সিইও

    Telegraph Bangladesh ডেস্কBy Telegraph Bangladesh ডেস্কNovember 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে থাকা এক চীনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত এনভিডিয়ার গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি প্রতিষ্ঠানটি।

    রোববার (৮ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে তদন্ত শুরুর কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামে এক চীনা নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তিনি চীনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।

    গত ২৯ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, এনভিডিয়ার প্রযুক্তি ও ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই সম্পর্ক ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে জেনসেন হুয়াং ওই নারীর কথিত গুপ্তচরবৃত্তি সম্পর্কে জানতেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি।

    মেগাস্পিড এনভিডিয়ার চিপের অন্যতম বড় ক্রেতা। প্রতিষ্ঠানটি প্রায় ৪৮০ কোটি ডলারের সরঞ্জাম কিনেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে চীনে রপ্তানি নিষিদ্ধ উন্নত এআই চিপ সরবরাহে মেগাস্পিডের ভূমিকা নিয়েও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নজরদারি ছিল। তবে চীনা দূতাবাস গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

    এদিকে এনভিডিয়ার কর্মীদের পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কর্মকাণ্ড তাঁকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই।’

    ঘটনার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত করবে। তদন্তে সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হবে। জেনসেন হুয়াংও তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তবে তদন্ত চলাকালে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

    এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে সরবরাহের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এ বিষয়ে জেনসেন হুয়াং ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

    অন্যদিকে রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী ১৮ নভেম্বর কংগ্রেসে জেনসেন হুয়াংয়ের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা শোনার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, কথিত গুপ্তচরবৃত্তির ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তাঁকে সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের জন্য তাঁর অবদানের প্রশংসা করেন। তবে অভিযোগের বিষয়ে হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি বলেও জানান ট্রাম্প।

    কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার চিপের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। একই সঙ্গে উন্নত প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রযুক্তি খাত ও জাতীয় নিরাপত্তা—দুই ক্ষেত্রেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    সূত্র: রয়টার্স, আল জাজিরা,

    Author

    • Telegraph Bangladesh Favicon (512 x 512)
      Telegraph Bangladesh ডেস্ক
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleদক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
    Next Article গাজার শিশুদের দুর্দশা হৃদয়বিদারক, ইসরায়েলের নিন্দায় শাহবাজ

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শত্রুকে কাবু করতে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাচ্ছে ইরান

    চীনের শানসিতে ৪০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

    রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

    সিডিইউ ও এসপিডির সমর্থনে জার্মানির প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ইলসে আইগনার, হতে পারেন ১ম নারী প্রেসিডেন্ট

    বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.