গণভোটের প্রাথমিক ও আংশিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৫ দশমিক ৩৪ শতাংশ এবং ‘না’ ভোট ২৪ দশমিক ৬৬ শতাংশ।
দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে রাজধানী ঢাকার পাঁচটি আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঢাকা-৫ আসনে মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফল এসেছে। এসব কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ হাজার ৪৬২টি, আর ‘না’ ভোট ৩ হাজার ১৬০টি।
ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফল পাওয়া গেছে। সেখানে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৩০ হাজার ১৭২ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ১৪ হাজার ১৯ জন। ঢাকা-১৪ আসনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফল অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৪ হাজার ৬৮৫টি এবং ‘না’ ভোট ৬ হাজার ৭০৭টি।
ঢাকা-১৭ আসনে ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১৬ হাজার ৩২১টি এবং ‘না’ ভোট পেয়েছে ৪ হাজার ৬৬৯টি। একইভাবে ঢাকা-১৮ আসনে ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফল পাওয়া গেছে। সেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৫ হাজার ৮০৮টি এবং ‘না’ ভোট ৮ হাজার ২৫১টি।
রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। নেত্রকোণা জেলার পাঁচটি নির্বাচনি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি এবং ‘না’ ভোট ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফল পাওয়া গেছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি, আর ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।
ময়মনসিংহ জেলার দুইটি আসনেও ‘হ্যাঁ’ ভোট এগিয়ে রয়েছে। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৪ হাজার ৬০৫টি এবং ‘না’ ভোট ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি, বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২৫ হাজার ৪০১টি।
তবে সব জায়গায় ‘হ্যাঁ’ ভোট এগিয়ে নেই। পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফল অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩০ হাজার ৬৬৫টি, আর ‘না’ ভোট পেয়েছে ৩১ হাজার ৭৬টি, অর্থাৎ সামান্য ব্যবধানে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।
এখনও দেশের সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল আসেনি। বাকি কেন্দ্রগুলোর ফল যুক্ত হলে সামগ্রিক চিত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে স্পষ্ট, গণভোটে সারাদেশে ‘হ্যাঁ’ ভোটই এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছে।
#আরএ

