প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতিসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কনে মার্জিয়া আক্তার মিতুর পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি মোংলার শেলাবুনিয়া এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে রামপালের বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।
নিহত মার্জিয়ার মামা আবু তাহের জানান, এই দুর্ঘটনায় নববধূ মার্জিয়া, তাঁর বোন লামিয়া ও নানিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে সাব্বির এবং পুত্রবধূসহ একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন। দুর্ঘটনার খবর মোংলায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ভেতর থেকে হতাহতদের উদ্ধারের সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে নেওয়ার কাজ করছি। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

