চাকরি বাজারের অনিশ্চয়তা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেকেই স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহী হচ্ছেন। কিন্তু পর্যাপ্ত মূলধন না থাকায় কোথা থেকে শুরু করবেন — এই দ্বিধায় পড়ে খেই খুঁজে পান না অনেকে।
বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা ও কৌশল জানা থাকলে অল্প পুঁজিতেই লাভজনক ব্যবসা দাঁড় করানো সম্ভব। নিচে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার ছয়টি কার্যকর টোটকা তুলে ধরা হলো।
১. চাহিদা আছে এমন পণ্য বা সেবা বেছে নিন
ব্যবসা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারের চাহিদা বোঝা। যে পণ্য বা সেবার নিয়মিত চাহিদা আছে, সেটি নিয়ে কাজ করলে ঝুঁকি কমে।
স্থানীয় বাজার, অনলাইন ট্রেন্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা পর্যবেক্ষণ করে কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে তা বিশ্লেষণ করা জরুরি। নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবার, ডিজিটাল সেবা বা হোম সার্ভিস স্বল্প পুঁজিতে ভালো সম্ভাবনা তৈরি করতে পারে।
২. বড় দোকানের বদলে ঘর বা অনলাইনকে প্রাধান্য
দোকান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত ব্যবসার শুরুতেই বড় খরচ বাড়িয়ে দেয়। তাই শুরুতে ঘর থেকেই ব্যবসা পরিচালনা করা বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা কার্যকর সমাধান হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ, অনলাইন মার্কেটপ্লেস কিংবা ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের কাছ হতে অর্ডার নেওয়া যায় এ ক্ষেত্রে। এতে ভাড়া ও অতিরিক্ত কর্মচারীর খরচ বাঁচে, যা স্বল্প পুঁজির ক্ষেত্রে বড় সুবিধা এনে দেয়।
৩. ছোট পরিসরে শুরু, কিন্তু ধীরে ধীরে বিস্তার
স্বল্প পুঁজিতে ব্যবসার ক্ষেত্রে শুরুতেই একবারে বড় পরিসরে নামা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে পরিগণিত হতে পারে। তাই প্রথম দিকে সীমিত পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করা ভালো।
আপনার পণ্য বাজারে সাড়া কেমন ফেলছে, গ্রাহকের প্রতিক্রিয়া কী, লাভের হার, প্রভৃতি বিবেচনা করার পর সার্বিক হিসাব-নিকাশ শেষে ধীরে ধীরে বিনিয়োগ বাড়ানো নিরাপদ কৌশল। এতে লোকসানের আশঙ্কা কমে এবং অভিজ্ঞতাও তৈরি হয়।
৪. নিজের দক্ষতাকে পুঁজি করা
সব ব্যবসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে নিজের দক্ষতাই সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠতে পারে। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট লেখা, টিউশন, ফটোগ্রাফি, সেলাই বা রান্নার মতো দক্ষতা নির্ভর উদ্যোগ দিয়ে সহজেই আয় শুরু করা যায়।
এতে আলাদা করে পণ্য কেনার খরচ কমে যায় উল্লেখযোগ্য হারে। ফলে লভ্যাংশ বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
৫. লাভের পরিকল্পনা পরিষ্কার রাখা
স্বল্প পুঁজির ব্যবসায় খরচের হিসাব না রাখলে দ্রুত সমস্যায় পড়তে হতে পারে উদ্যোক্তাদের। প্রতিদিনের খরচ, বিক্রি ও লাভের হিসাব লিখে রাখা জরুরি সেজন্য।
কোন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে, কোথায় সাশ্রয় করা দরকার — তা নিয়মিত বিশ্লেষণ করলে ব্যবসা স্থায়িত্ব হপয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এ ছাড়া, লাভের একটি অংশ আবার ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনাও শুরুতেই ঠিক করে নেওয়া উচিত।
৬. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা
অল্প পুঁজির ব্যবসায় রাতারাতি বড় লাভের আশা করলে হতাশা আসতে পারে। শুরুতে লাভ কম হলেও ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। নিয়মিত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, সেবার মান বজায় রাখা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করা দীর্ঘমেয়াদে ব্যবসাকে শক্ত ভিত্তি এনে দেয়। এক কথায়, ধারাবাহিক প্রচেষ্টাই স্বল্প পুঁজির ব্যবসাকে ধীরে ধীরে লাভজনক করে তোলে।
তাই স্বল্প পুঁজি ব্যবসার পথে বাধা নয়। বরং সঠিক পরিকল্পনা ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এটি হতে পারে নতুন সম্ভাবনার উদ্বোধন। সীমিত সামর্থ্যকে মাথায় রেখে ধাপে ধাপে এগোলে অল্প বিনিয়োগ থেকেই গড়ে উঠতে পারে টেকসই ও লাভজনক ব্যবসা।
#আরএ

