ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংরক্ষিত নারী আসনের বণ্টনকে নিয়ে অভ্যন্তরীণ কৌশলগত হিসাব-নিকাশ চলছে সদ্য ক্ষমতায় আসীন হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে (বিএনপি)।
দলীয় সূত্রগুলোর ভাষ্য, এই আসনগুলোতে মনোনয়ন নির্ধারণের মাধ্যমে সংসদে দলের রাজনৈতিক ভারসাম্য, সংগঠনিক প্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির রূপরেখা স্পষ্ট করা হবে।
নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, সাধারণ আসনের ফল চূড়ান্ত হওয়ার পর সংরক্ষিত নারী আসন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। কমিশন সূত্র জানায়, ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোটের ভাগে পড়তে পারে।
সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাঠানো হলেই তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। ঈদের আগেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
সংশ্লিষ্টরা বলছেন, এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অবদান। দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে অর্ধশতাধিক নারী নেত্রীর নাম আলোচনায় আছে।
এ দিকে, বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক সময়ে নারী নেত্রীদের উপস্থিতি বেড়েছে। কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা সামনে আনছেন, কেউ আবার পেশাজীবী পরিচয় ও সামাজিক গ্রহণযোগ্যতার কথা তুলে ধরছেন।
বিএনপির ভেতরে আলোচনায় রয়েছে সংরক্ষিত আসনে অগ্রাধিকার পাবেন আন্দোলন-সংগ্রামে সক্রিয়, কারাবরণকারী এবং তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখা নেত্রীরা। একই সঙ্গে শিক্ষাবিদ, পেশাজীবী এবং সাবেক ছাত্রনেত্রীদের অন্তর্ভুক্ত করে সংসদীয় কাজকে গতিশীল করার ভাবনাও আছে। যেসব সাধারণ আসনে দল জয় পায়নি, সেসব এলাকার নারী নেতৃত্বকে প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
দলীয় সিদ্ধান্ত কাঠামো অনুযায়ী, প্রাথমিকভাবে একটি দীর্ঘ তালিকা তৈরি করা হবে। সেখান থেকে ধাপে ধাপে সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত হবে। শেষ পর্যন্ত সংসদীয় বোর্ডের অনুমোদন ছাড়া কোনো নাম চূড়ান্ত হবে না। দলীয় সূত্র নিশ্চিত করেছে, চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমানের অনুমোদনই হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি।
মনোনয়ন আলোচনায় যেসব নাম ঘুরছে, তাদের মধ্যে রয়েছেন মহিলা দলের শীর্ষ নেতৃত্ব, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেত্রী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় মুখ। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের নামও রয়েছে আলোচনায়—কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনক চাঁপা এবং চিত্রনায়িকা মৌসুমী। দলীয় মহলে বলা হচ্ছে, জনপ্রিয়তা থাকলেও চূড়ান্ত বিবেচনায় রাজনৈতিক সক্রিয়তা ও গ্রহণযোগ্যতাই মুখ্য হবে।
বিশ্লেষকেরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনে ভারসাম্যপূর্ণ নির্বাচন বিএনপির সংসদীয় কৌশলকে শক্ত করবে। একই সঙ্গে এটি দলের নারী নেতৃত্বের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে। দীর্ঘদিনের আন্দোলনের কর্মী, সংগঠক এবং নতুন প্রজন্মের নেতৃত্ব — এই তিন ধারাকে এক সুতোয় গাঁথতে পারলে বিএনপির সংসদীয় উপস্থিতি আরও কার্যকর হবে বলে মত পর্যবেক্ষকদের।
সব মিলিয়ে, রাজনৈতিক বিশ্লেষকেরা মন্তব্য করছেন, সংরক্ষিত নারী আসন নিয়ে চলমান আলোচনা শুধু তালিকা তৈরির বিষয় নয়। এটি বিএনপির ভেতরে নেতৃত্ব বাছাই, সাংগঠনিক মূল্যায়ন এবং রাজনৈতিক বার্তা দেওয়ার একটি বড় সুযোগ। এখন দেখার বিষয়, ঘোষিত নীতির প্রতিফলন কতটা স্পষ্টভাবে চূড়ান্ত তালিকায় উঠে আসে।
#আরএ

