বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি ফেসবুক। ব্যক্তিগত যোগাযোগ, সংবাদ দেখা থেকে শুরু করে, ব্যবসা ও পেশাগত নেটওয়ার্কিং — সবখানেই ফেসবুকের ব্যবহার ব্যাপক হারে চলমান রয়েছে। ব্যবহারকারীর সংখ্যাও কোটি কোটি গোটা বিশ্বজুড়ে।
তবে দীর্ঘদিন লগইন না করা, একাধিক পাসওয়ার্ড ব্যবহার করা বা নিরাপত্তাজনিত কারণে অনেক সময় ব্যবহারকারীরা নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান প্রায়শই। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার কিছু নেই। নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করলেই সহজে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব।
‘Forgot password?’ অপশন ব্যবহার
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমেই ফেসবুকের লগইন পেজে যেতে হবে। সেখানে ইমেইল বা ফোন নম্বর দেওয়ার ঘরের নিচে থাকা ‘Forgot password?’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান, তার সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা বা মোবাইল নম্বর লিখে সার্চ করতে হবে। ফেসবুক তখন আপনার অ্যাকাউন্ট শনাক্ত করে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
ভেরিফিকেশন কোড গ্রহণ
অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ফেসবুক জিজ্ঞেস করবে —আপনি কোন মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে চান। সাধারণত ইমেইল বা এসএমএস — এই দুটি অপশন সেখানে অন্তর্ভুক্ত থাকে।
যেটি আপনার কাছে সহজ, সেটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর নির্দিষ্ট ইমেইল বা মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার কোড পাঠানো হবে। নির্দিষ্ট ঘরে সেই কোডটি সঠিকভাবে লিখে ‘Continue’ বাটনে চাপতে হবে।
নতুন পাসওয়ার্ড সেট করা
ভেরিফিকেশন কোড সঠিকভাবে প্রদান করা হলে ফেসবুক নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ দেবে। এখানে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। নতুন পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে।
পাসওয়ার্ড সেট করার পর চাইলে সব ডিভাইস থেকে লগআউট করার অপশনও পাওয়া যায়। অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে সন্দেহ থাকলে, এই অপশন বেছে নেওয়া যুক্তিযুক্ত।
ইমেইল বা ফোন নম্বরে প্রবেশাধিকার না থাকলে
অনেক সময় ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইমেইল বা ফোন নম্বরে আর প্রবেশাধিকার থাকে না। এমন পরিস্থিতিতে ‘No longer have access to these?’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর ফেসবুক বিকল্প একটি ইমেইল ঠিকানা চাইবে, যেখানে তারা অ্যাকাউন্ট পুনরুদ্ধার সংক্রান্ত নির্দেশনা পাঠাবে। কখনো কখনো পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে বলা হতে পারে এ ক্ষেত্রে।
বিশ্বাসযোগ্য বন্ধুদের মাধ্যমে রিকভারি
কিছু অ্যাকাউন্টে আগে থেকেই ‘Trusted Contacts’ সেট করা থাকলে বন্ধুদের মাধ্যমেও পাসওয়ার্ড পুনরুদ্ধার করার সুযোগ পাওয়া যায়।
এ ক্ষেত্রে ফেসবুক নির্ধারিত কয়েকজন বন্ধুকে কোড পাঠায়। সেই কোডগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে দিলে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাওয়া যায়।
নিরাপত্তা বাড়াতে করণীয়
পাসওয়ার্ড পুনরুদ্ধারের পর ভবিষ্যতে একই সমস্যায় না পড়তে কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং ইমেইল ও ফোন নম্বর আপডেট রাখা এতে সহায়ক হয়ে উঠতে পারে।
পাশাপাশি, সন্দেহজনক স্প্যাম লিংকে ক্লিক না করা এবং অপরিচিত ডিভাইসে লগইন এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ। আদতে, সঠিক ধাপ অনুসরণ করলে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার কঠিন কিছু নয়। সামান্য সময় ও সতর্কতাই অ্যাকাউন্টকে সচল করে তুলতে পারে পুনরায়।
#আরএ

