ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মোবাইল যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেই পরিবর্তনের নাম ইলেকট্রনিক সিম বা ই-সিম।
একসময় মোবাইল ফোনে যোগাযোগের জন্য প্লাস্টিকের সিমকার্ড অপরিহার্য ছিল। এখন ধীরে ধীরে সেই শারীরিক সিমকার্ডের বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে ই-সিম, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তুলছে।
ই-সিমের পূর্ণরূপ এমবেডেড সিম। এটি মূলত একটি ডিজিটাল সিমকার্ড, যা ফোনের ভেতরেই স্থায়ীভাবে বসানো থাকে। আলাদা করে কোনো প্লাস্টিক সিম ঢোকানোর প্রয়োজন হয় না।
মোবাইল অপারেটরের দেওয়া কিউআর কোড বা অ্যাক্টিভেশন তথ্য স্ক্যান করলেই নেটওয়ার্ক সংযোগ সক্রিয় করা যায়। অর্থাৎ সিম পরিবর্তন, খুলে ফেলা বা হারিয়ে যাওয়ার ঝুঁকি এখানে নেই।
বর্তমানে অনেক স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ এমনকি কিছু ল্যাপটপেও ই-সিম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের ফোনগুলোতে ই-সিমকে ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ই-সিম ব্যবহারের অন্যতম বড় সুবিধা হলো একাধিক নম্বর ব্যবস্থাপনা। একটি ডিভাইসেই একাধিক অপারেটরের প্রোফাইল রাখা যায়। ভ্রমণের সময় আলাদা করে স্থানীয় সিম কিনে স্লট পরিবর্তনের ঝামেলা নেই। প্রয়োজন অনুযায়ী শুধু প্রোফাইল বদলালেই কাজ শেষ। এতে সময় বাঁচে এবং যোগাযোগ আরও সহজ হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো নিরাপত্তা। সাধারণ সিমকার্ড চুরি বা খুলে ফেললে ফোন ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। ই-সিম ফোনের ভেতরে স্থায়ীভাবে যুক্ত থাকায় চুরি হলেও সহজে আলাদা করা যায় না। ফলে ডিভাইস ট্র্যাকিং এবং ডেটা সুরক্ষা তুলনামূলকভাবে বেশি কার্যকর হয়।
ই-সিম পরিবেশবান্ধবও বটে। প্রতিবছর বিশ্বজুড়ে কোটি কোটি প্লাস্টিক সিমকার্ড তৈরি হয়, যার একটি বড় অংশ শেষ পর্যন্ত বর্জ্যে পরিণত হয়। ই-সিম ব্যবহারে প্লাস্টিক সিমকার্ডের প্রয়োজন কমে আসে, যা পরিবেশ দূষণ হ্রাসে ভূমিকা রাখতে পারে।
ডিভাইস ডিজাইনের ক্ষেত্রেও ই-সিম নতুন সম্ভাবনা তৈরি করেছে। যেহেতু সিম ট্রে ও স্লটের প্রয়োজন নেই, তাই ফোন নির্মাতারা আরও পাতলা, জলরোধী এবং টেকসই ডিভাইস তৈরি করতে পারছেন। বিশেষ করে স্মার্টওয়াচ বা ছোট গ্যাজেটের ক্ষেত্রে ই-সিম কার্যকর সমাধান হিসেবে দেখা দিয়েছে।
তবে ই-সিম ব্যবহারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব মোবাইল অপারেটর এখনো ই-সিম সেবা চালু করেনি। অনেক ক্ষেত্রে গ্রাহকদের কাস্টমার কেয়ারে যেতে হয় বা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এ ছাড়া পুরোনো ফোনে ই-সিম সাপোর্ট না থাকায় সবাই এই সুবিধা নিতে পারছেন না।
তবুও প্রযুক্তির ধারা বলছে, ধীরে ধীরে ই-সিমই হয়ে উঠবে মূলধারার যোগাযোগ ব্যবস্থা। যেমন একসময় ফিচার ফোন থেকে স্মার্টফোনে রূপান্তর হয়েছে, তেমনি ভবিষ্যতে প্লাস্টিক সিমকার্ড ইতিহাসের পাতায় ঠাঁই নিতে পারে।
সহজ ব্যবহার, নিরাপত্তা, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং আধুনিক ডিজাইনের কারণে ই-সিমকে অনেকেই পরবর্তী প্রজন্মের সিমকার্ড হিসেবে দেখছেন।
#আরএ

