ইসলামি চিন্তাজগতে ‘মাযহাব’ শব্দটি বহু আলোচিত, আবার বহু বিতর্কেরও জন্মদাতা। সাধারণভাবে মাযহাব বলতে ইসলামের শরিয়তসংক্রান্ত বিধান ব্যাখ্যা ও প্রয়োগের একটি সুসংগঠিত পদ্ধতিকে বোঝায়।
নামাজ, রোজা, যাকাত, হজসহ দৈনন্দিন ইবাদত থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক নানা বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে যে ব্যাখ্যাধারা তৈরি হয়েছে, সেটিই মূলত মাযহাব।
রাসুলুল্লাহ (সা.)–এর ইন্তেকালের পর ইসলাম দ্রুত বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। নতুন নতুন সমাজ, সংস্কৃতি ও বাস্তবতার মুখোমুখি হন মুসলিম আলেমরা। সব বিষয়ের সরাসরি স্পষ্ট নির্দেশ কোরআন বা হাদিসে না থাকায় যুক্তি, কিয়াস (অনুরূপ বিষয়ের সঙ্গে তুলনা) ও ইজতিহাদের মাধ্যমে সমাধান খুঁজতে হয়।
এই প্রক্রিয়ায় বিভিন্ন আলেমের চিন্তাপদ্ধতি ও ব্যাখ্যার ভিন্নতা থেকে গড়ে ওঠে মাযহাব।সুন্নি মুসলমানদের মধ্যে প্রধান চারটি মাযহাব পরিচিত — হানাফি, মালেকি, শাফেয়ি ও হাম্বলি। এসব মাযহাবের নাম এসেছে তাদের প্রবর্তক আলেমদের নাম থেকে। যেমন হানাফি মাযহাবের সঙ্গে যুক্ত ইমাম আবু হানিফা, মালেকি মাযহাবের সঙ্গে ইমাম মালিক, শাফেয়ি মাযহাবের সঙ্গে ইমাম শাফেয়ী এবং হাম্বলি মাযহাবের সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল।
মাযহাবের পার্থক্যের মূল কারণ হলো দলিল গ্রহণের পদ্ধতি ও ব্যাখ্যার ভিন্নতা। কেউ হাদিসকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন, কেউ কিয়াস ও ইজতিহাদকে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছেন। আবার কোনো কোনো আলেম নির্দিষ্ট অঞ্চলের প্রচলিত আমলকেও বিবেচনায় নিয়েছেন। ফলে একই বিষয়ের ক্ষেত্রে একাধিক গ্রহণযোগ্য মতামত তৈরি হয়েছে।
উদাহরণ হিসেবে নামাজে হাত বাঁধার স্থান, রাফউল ইয়াদাইন (নামাজে হাত তোলা) বা বিতর নামাজের নিয়ম নিয়ে মাযহাবভেদে পার্থক্য দেখা যায়। তবে এসব ভিন্নতা মৌলিক আকিদার নয়, বরং আমলি বা ফিকহি পর্যায়ের।
মাযহাব নিয়ে মতভেদ শুধু ফিকহি প্রশ্নে সীমাবদ্ধ থাকেনি; সময়ের সঙ্গে সঙ্গে তা সামাজিক ও মানসিক বিভাজনেও রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে অনুসারীরা নিজেদের মাযহাবকে একমাত্র সঠিক মনে করে অন্যদের ভুল বা বাতিল বলার প্রবণতায় পড়েছেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে — মাযহাব কি ধর্মের অংশ, নাকি এটি বিভক্তির কারণ?
বাস্তবে ইসলামি চিন্তাবিদদের বড় একটি অংশ মনে করেন, মাযহাব হলো শরিয়ত বোঝার সহায়ক কাঠামো, চূড়ান্ত সত্য নয়। কোরআন ও সহিহ হাদিসই মূল ভিত্তি; মাযহাব সেই ভিত্তি বোঝার একটি পদ্ধতিমাত্র।
মাযহাব মানা কি বাধ্যতামূলক — এ প্রশ্নে মতভেদ রয়েছে। সাধারণ মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো মাযহাব অনুসরণ করা সহজ ও নিরাপদ বলে অনেক আলেম মত দেন। এতে ধর্মীয় আমলে শৃঙ্খলা থাকে এবং ভুলের সম্ভাবনা কমে।
অন্য দিকে কেউ কেউ বলেন, দলিলভিত্তিক জ্ঞান থাকলে মাযহাবের গণ্ডি ছাড়িয়ে সরাসরি কোরআন-হাদিস অনুসরণ করাও সম্ভব।উপসংহারমাযহাব ইসলামের ইতিহাসে জ্ঞানচর্চার স্বাভাবিক ফল। এটি বিভক্তির জন্য নয়, বরং সহজবোধ্য ব্যাখ্যার জন্য গড়ে উঠেছে।
মতভেদ থাকলেও পারস্পরিক সহনশীলতা ও সম্মান বজায় রাখাই ইসলামি ঐতিহ্যের মূল শিক্ষা। মাযহাবকে কেন্দ্র করে বিরোধ নয়, বরং বহুমাত্রিক চিন্তার স্বীকৃতিই হতে পারে এর সঠিক উপলব্ধি।
#আরএ

