প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি| বাগেরহাটের চিতলমারী উপজেলাতে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে হাড়িয়ারডোপ বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। পলাতক সহযোগীর পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মো: নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), চিতলমারী থানা বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

