ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালে এবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বিশাল আকৃতির উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি (LHA-7) এবং এতে মোতায়েন থাকা নৌসেনারা (মেরিন)। দুইজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইউএসএনআই নিউজ (USNI News)।
উভচর আক্রমণকারী জাহাজ ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের (MEU) সদস্যরা ওই অঞ্চলে আগে থেকেই অবস্থানরত জেরাল্ড আর. ফোর্ড এবং আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যোগ দেবে। চলতি সপ্তাহের শুরুতে জাহাজটি ফিলিপাইন সাগরে অবস্থান করছিল। বৃহস্পতিবার জাহাজ পর্যবেক্ষকরা ত্রিপোলিকে একাকী তাইওয়ানের দক্ষিণে লুজান প্রণালী দিয়ে অগ্রসর হতে দেখেছেন।
৯ মার্চের ইউএসএনআই নিউজ ফ্লিট ট্র্যাকার অনুযায়ী, ত্রিপোলি মূলত ইউএসএস সান দিয়েগো (LPD-22) এবং ইউএসএস নিউ অরলিন্স (LPD-18) এর সাথে ‘ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ (ARG) হিসেবে কাজ করছিল। তবে এই তিনটি জাহাজই মধ্যপ্রাচ্যে যাচ্ছে কি না, বা ত্রিপোলি একা যাচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সেন্ট্রাল কমান্ডে (CENTCOM) এই ইউনিটের নির্দিষ্ট মিশন কী হবে, সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
৩১তম এমইইউ সম্প্রতি জাপানের সাথে ‘আইরন ফিস্ট’ নামক বার্ষিক মহড়ায় অংশ নিয়েছিল। ফেব্রুয়ারিতে তারা পূর্ণ যুদ্ধ সক্ষমতার সনদ (Certification) অর্জন করে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত এই ইউনিটে প্রায় ২,২০০ নৌসেনা রয়েছে। উল্লেখ্য, ইউএসএস ত্রিপোলি বিশেষভাবে মেরিন কোর্পসের F-35B জয়েন্ট স্ট্রাইক ফাইটার বহনে সক্ষম এবং ২০২২ সালে এটি ‘লাইটেনিং ক্যারিয়ার’ ধারণার সফল পরীক্ষা চালিয়েছিল।

