জাবি প্রতিনিধি| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) শুরু হওয়া এই আয়োজন মঙ্গলবার (১৯ মে) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। দাবা, লুডু, ক্যারম, উনো, ফিফা ও ই-ফুটবল – ছয়টি ইভেন্টে বিভিন্ন বর্ষের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।
বিভাগের চতুর্থ বর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থীরা পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ আক্তার মুন্নি।
আয়োজকরা জানান, বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আনন্দঘন পরিবেশ তৈরি এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এ ইনডোর গেমস আয়োজন করা হয়েছে। দুই দিনজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ইভেন্টভিত্তিক ফলাফল: দাবায় চ্যাম্পিয়ন হন মুর্তজা মাহিন, রানারআপ ইশতিয়াক বিন ইকবাল। উনোতে চ্যাম্পিয়ন তামজিদ ইসলাম, রানারআপ মাহমুদুল হাসান। লুডুতে চ্যাম্পিয়ন তানজিলা আক্তার ও ইউশি এবং রানারআপ জান্নাতুন নিসা মিম ও মেহরীন মজুমদার। ক্যারমে চ্যাম্পিয়ন আরাফ ও তাসরিফ হোসেন, রানারআপ খায়রুল ইসলাম ও তানজিলা আক্তার। ফিফায় চ্যাম্পিয়ন সুপ্ত সরকার, রানারআপ বিজয় সাহা। ই-ফুটবলে চ্যাম্পিয়ন তাসরিফ হোসেন, রানারআপ ইনজামুল হল।

