জাককানইবি প্রতিনিধি | পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সব ক্লাস বন্ধ থাকবে। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২৫ দিনের ছুটি পাচ্ছেন। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।
তবে ছুটির মধ্যেও বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নজরুল জন্মজয়ন্তী ২০২৬ উপলক্ষে ২৫ মে সকাল ১০টায় নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। ওই অনুষ্ঠানে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও প্রক্টরসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ছুটির পর ২৪ ও ২৫ জুন জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান পালিত হবে।
এ ছাড়া ৩ জুন ছুটির মধ্যেই পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। দিবসটির মূল অনুষ্ঠানমালা ছুটির পর আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন সময়ে নিরাপত্তা ও জরুরি সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যথারীতি কাজ করবেন। দায়িত্বে অবহেলা করলে চাকরি শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছুটির পর প্রথম কর্মদিবসে সব বিভাগ ও দফতরের উপস্থিতি ও অনুপস্থিতির তালিকা জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

