রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে পবা উপজেলার নওহাটা ও বায়া বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই দণ্ড প্রদান করে।
অভিযানে পবার নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এই দণ্ড দেওয়া হয়।
এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের প্রমাণও পাওয়া যায় সেখানে। অন্যদিকে, মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
সার্বিক কার্যক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

