||বিইউপি প্রতিনিধি, ৩০ আগস্ট, ২০২৬||
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন করেছেন। রোববার (৩০ আগস্ট) প্রধান অতিথি হিসেবে তিনি ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার উদ্বোধন করেন।
ভবন উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম। তিনি বলেন, “শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপি ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মাহবুব-উল আলমের লেখা “Educating Minds; Awakening Conscience” বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যে নিহিত।”
নতুন ভবনগুলো
বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শক্তিশালী করবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াবে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা-নৌ-বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

