প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫৩ দিনে সারা দেশে মোট ২৭৪টি সহিংস ঘটনা নথিভুক্ত হয়েছে।
গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মাঠে উত্তেজনা বাড়ায় বিভিন্ন ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে।
প্রেস উইং প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এই ২৭৪টি ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা রয়েছে ১৬টি এবং প্রার্থীদের ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে ১৫টি। এ সময় হত্যাকাণ্ডের সংখ্যা ৫টি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি, যার সংখ্যা ৮৯টি। অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা পাওয়া গেছে ৩টি। পাশাপাশি হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি এবং প্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ২৯টি বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি। অবরোধ ও বিক্ষোভ হয়েছে ১৭টি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে ১টি এবং অন্যান্য ক্যাটাগরিতে পড়েছে ৭০টি ঘটনা। এসব সহিংসতার ধরন নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়।
পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতার তথ্যও তুলে ধরেছে প্রেস উইং। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ে ৫৩০টি সহিংস ঘটনায় ১১৫ জন নিহত ও ৩১৫ জন আহত হন।
একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতায় নিহত হন ২২ জন এবং আহত হন ৭৮০ জন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংস ঘটনায় ৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হওয়ার তথ্য জানানো হয়।
#আরএ

