আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নীতিমালা ভিত্তিক প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, ক্ষমতার লড়াইয়ের বদলে জনগণের কল্যাণে কার্যকর নীতি নিয়ে প্রতিযোগিতাই হওয়া উচিত রাজনীতির মূল চর্চা। এ লক্ষ্যে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোকে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে ডা. শফিকুর রহমান লেখেন, তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাতে প্রস্তুত।
তার মতে, ভাবনা ও নীতির লড়াইয়ের মাধ্যমে প্রমাণ হওয়া দরকার—কে দেশের মানুষের সেবা আরও দক্ষতার সঙ্গে করতে সক্ষম। তিনি বলেন, নীতিমালা নিয়ে খোলামেলা বিতর্কের মধ্য দিয়ে জনগণের মতামত শোনা এবং সেই মতামতের আলোকে সর্বোত্তম নীতি প্রণয়ন করাই হওয়া উচিত রাজনৈতিক দলের লক্ষ্য।
ওই পোস্টে জামায়াত আমির আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী নিয়মিত মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং জনগণের কথা শোনার ক্ষেত্রে একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি সহিংস রাজনীতির সমালোচনা করে বলেন, অতীতের মতো বর্তমানেও মানুষ সহিংসতা প্রত্যাখ্যান করছে এবং ভবিষ্যতেও তা করবে। তার বক্তব্যে কল্যাণভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের জন্য কোন নীতিমালা সবচেয়ে কার্যকর ও টেকসই হতে পারে—সে বিষয়ে যুক্তিনির্ভর আলোচনাই এখন সময়ের দাবি।
এদিকে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম মন্তব্য করেছেন, এমন নীতিনির্ভর বিতর্ক আয়োজন করতে ডাকসু আগ্রহী।
এই মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরিসরে রাজনৈতিক বিতর্ক আয়োজনের সম্ভাবনাও আলোচনায় এসেছে, যা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
#আরএ

