বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিছু নির্দিষ্ট কর্মকর্তা। তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত দুটি পদ হলো প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে এই দুই কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রিজাইডিং অফিসার কারা?
প্রিজাইডিং অফিসার হলেন কোনো একটি নির্দিষ্ট ভোটকেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সাধারণত সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মধ্য থেকে নির্বাচন কমিশন তাঁকে নিয়োগ দেয়। একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব থাকে প্রিজাইডিং অফিসারের ওপর।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব
ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্র নির্ধারিত সময়মতো খুলে দেওয়া, ব্যালট পেপার বা ইভিএম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা, ভোটারদের সুশৃঙ্খলভাবে ভোট প্রদানে সহায়তা করা—সবকিছুই তাঁর দায়িত্বের অংশ।
এছাড়া কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করার ক্ষমতাও তাঁর রয়েছে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বা ইভিএম নিরাপদে সিলগালা করে ফলাফলসহ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব।
রিটার্নিং অফিসার কারা?
রিটার্নিং অফিসার হলেন একটি সংসদীয় আসন বা নির্বাচনী এলাকার সার্বিক নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচনে সাধারণত জেলা প্রশাসক (ডিসি) রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার নির্বাচনে এ দায়িত্ব অন্য কোনো জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাকেও দেওয়া হতে পারে।
রিটার্নিং অফিসারের দায়িত্ব
রিটার্নিং অফিসারের প্রধান দায়িত্ব হলো নির্বাচনী তফসিল বাস্তবায়ন, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই, প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও তাঁর এখতিয়ারভুক্ত।
ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রস্তুত ও ঘোষণা করার ক্ষমতাও রিটার্নিং অফিসারের রয়েছে, যদিও চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে এই দুই পদের গুরুত্ব
প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার—এই দুই স্তরের কর্মকর্তার সঠিক ও নিরপেক্ষ ভূমিকার ওপরই অনেকাংশে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করে। তাঁদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
#আরএ

