যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল শুরুর আগেই ছাত্রদল নেতার বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার (৬ জুন) জুম্মার নামাজের ঠিক আগে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
বেনাপোল পৌর গেট এলাকায় ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার নিয়ে আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো। তাঁর তীব্র প্রতিবাদের মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ফেলে রেখে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতার ধাওয়ায় মিছিলকারীরা কোনো কর্মসূচি না কেটেই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
এই ঘটনার পর যশোর জেলা জুড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নানা কর্মসূচির আড়ালে দেশকে নতুন করে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে ছাত্রদল এই বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে এবং যেখানেই এই ধরনের অপতৎপরতা দেখা যাবে, সেখানেই শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সাথে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযানে নামে। এই সময় সন্দেহজনক আচরণের কারণে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

