কুবি প্রতিনিধি| কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির চূড়ান্ত ধাপে বড় সাফল্য এসেছে। বিভাগের চারটি ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের যোগ্যতা অর্জন করেছেন। গত রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
গত রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
ব্যাচভিত্তিক সাফল্যের পরিসংখ্যান
| ব্যাচ | উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা |
| ১০ম ব্যাচ | ১০ জন |
| ১১তম ব্যাচ | ০৯ জন |
| ১২তম ব্যাচ | ২৮ জন |
| ১৩তম ব্যাচ | ২৫ জন |
| মোট | ৭২ জন |
কৃতি শিক্ষার্থীদের তালিকা
উত্তীর্ণদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
- ১০ম ব্যাচ: রবিউল ইসলাম, মোঃ শাহজালাল, সাজ্জাদুল ইসলাম তানিম, মোঃ সোহাগ প্রমুখ।
- ১১তম ব্যাচ: আবু মূসা সাঈদি, মোঃ আরাফাত হোসাইন, আসাদুর রহমান সাব্বির, খোরশেদ আলম সাইফ প্রমুখ।
- ১২তম ব্যাচ: সিরাজুম মুনিরা হোসাইনি, আফরোজ জাহান, নেজামুল করিম, বোরহান উদ্দিন প্রমুখ।
- ১৩তম ব্যাচ: মোঃ মহিউদ্দিন, রেজাওনুল ইসলাম গনি, ইকবাল হোসেন শাকিল, হৃদিতা রহমান ছোয়া প্রমুখ।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদের আইন বিভাগ শুরু থেকেই অবদান রেখে আসছে। প্রতিবছর আমাদের অনেক শিক্ষার্থী আইনজীবী হচ্ছেন। এবারও বড় একটি সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের বিভাগের ৫ জন শিক্ষার্থী জুডিসিয়ারিতে আছেন। আইন বিভাগের বিভাগীয় প্রধান ও তাদের শিক্ষক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত।’
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বশেষ বিভাগ হিসেবে ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

