পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান আছে, যেগুলো শুধু ভূগোল নয় — রহস্য, ইতিহাস ও বিজ্ঞানকে একসঙ্গে ধারণ করে। মৃতসাগর তেমনই একটি নাম। নামের মধ্যেই যেন মৃত্যুর ইঙ্গিত, অথচ এই সাগর ঘিরেই গড়ে উঠেছে চিকিৎসা, পর্যটন ও গবেষণার বিস্তৃত জগৎ।
প্রশ্ন জাগে—কেন একে মৃত বলা হয়, আর কী কী অজানা গল্প লুকিয়ে আছে এর নীলচে জলরাশিতে?
মৃতসাগর আসলে কোনো সাগর নয়, এটি একটি লবণাক্ত হ্রদ। জর্ডান ও ইসরায়েলের মাঝামাঝি অবস্থিত এই হ্রদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর লবণাক্ততা। সাধারণ সাগরের তুলনায় প্রায় ৮ থেকে ১০ গুণ বেশি লবণ এখানে বিদ্যমান। এত বেশি লবণের কারণে পানিতে কোনো মাছ, শৈবাল বা জলজ উদ্ভিদ টিকে থাকতে পারে না। এ কারণেই নাম হয়েছে ‘মৃতসাগর’।
তবে জীবনের অনুপস্থিতিই এখানে কৌতূহলের শেষ নয়, বরং শুরু।এই হ্রদের আরেকটি বৈশিষ্ট্য হলো এর অবস্থান। মৃতসাগর পৃথিবীর সর্বনিম্ন স্থলভাগে অবস্থিত জলাশয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে এর জলস্তর।
ভূতাত্ত্বিকদের মতে, আফ্রিকান ও আরবিয়ান টেকটোনিক প্লেটের বিচ্ছেদের ফলেই এই গভীর উপত্যকার সৃষ্টি। লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে মৃতসাগর আজকের এই রূপ পেয়েছে।
মৃতসাগরের পানিতে নামলেই একটি অদ্ভুত অভিজ্ঞতা হয় —মানুষ ডুবে যায় না, বরং ভেসে থাকে। এর পেছনের কারণ পানির ঘনত্ব। অতিরিক্ত লবণের কারণে পানির ঘনত্ব এত বেশি যে মানবদেহ স্বাভাবিকভাবেই ভাসতে থাকে।
এই দৃশ্য পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি বিজ্ঞানীদের কাছেও গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।
রহস্যের আরেকটি বড় অধ্যায় হলো মৃতসাগরের কাদা। এই কাদায় রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামসহ নানা খনিজ উপাদান। চর্মরোগ, বাতব্যথা ও ত্বকের নানা সমস্যায় এই কাদা ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন। আধুনিক কসমেটিক শিল্পেও মৃতসাগরের কাদা ও লবণের ব্যবহার ব্যাপক।
প্রশ্ন উঠেছে—এই খনিজসমৃদ্ধ কাদা কি কেবল চিকিৎসার উপাদান, নাকি এর ভেতরে আরও অজানা বৈজ্ঞানিক সম্ভাবনা লুকিয়ে আছে?
ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকেও মৃতসাগর রহস্যময়। বাইবেল ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে এই অঞ্চলকে ঘিরে নানা কাহিনি পাওয়া যায়। কাছাকাছি এলাকায় আবিষ্কৃত ‘ডেড সি স্ক্রলস’ ইতিহাসবিদদের কাছে এক অনন্য সম্পদ।
এসব প্রাচীন পাণ্ডুলিপি শুধু ধর্মীয় নয়, ভাষা ও সভ্যতার ইতিহাস বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে রহস্যের পাশাপাশি আছে শঙ্কা। সাম্প্রতিক দশকগুলোতে মৃতসাগরের পানির স্তর দ্রুত কমছে। জর্ডান নদীর পানি ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত খনিজ আহরণ এর জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পানির স্তর নেমে যাওয়ায় আশপাশের এলাকায় ভূমিধস ও সিঙ্কহোলের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। একসময় যদি মৃতসাগরই শুকিয়ে যায়, তবে এই রহস্যময় জলাশয় থাকবে শুধু ইতিহাসের পাতায়।
মৃতসাগর তাই শুধু একটি লবণাক্ত হ্রদ নয়। এটি প্রকৃতি, ইতিহাস ও বিজ্ঞানের মিলনস্থল। জীবনের অনুপস্থিতির মাঝেও এটি মানুষের জ্ঞান ও কৌতূহ্যকে বারবার উসকে দেয়। মৃতসাগরের নীরব জলের নিচে এখনো কত অজানা রহস্য লুকিয়ে আছে—সেই অনুসন্ধানই মানবসভ্যতার সামনে সবচেয়ে বড় প্রশ্ন।
#আরএ

