এক সময় অনলাইনে মত প্রকাশ, বিশ্লেষণধর্মী লেখা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা জানানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল ব্লগ। সংবাদমাধ্যমের বাইরে স্বাধীন কণ্ঠ হিসেবে ব্লগিং তৈরি করেছিল নিজস্ব পাঠকগোষ্ঠী ও প্রভাব।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই আবেদন ক্রমেই ফিকে হচ্ছে। নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতাদের বড় অংশ ব্লগের বদলে ঝুঁকছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে। কেন এই পরিবর্তন—সে প্রশ্নের উত্তর খুঁজতে হলে ডিজিটাল অভ্যাস, প্রযুক্তি ও অর্থনীতির দিকগুলো একসঙ্গে দেখতে হবে।
প্রথমত, পাঠকদের পাঠাভ্যাসের বড় পরিবর্তন এসেছে। এতে দীর্ঘ লেখা পড়ার ধৈর্য কমছে। স্মার্টফোনকেন্দ্রিক জীবনে ব্যবহারকারীরা এখন দ্রুত স্ক্রল করেন। অল্প সময়ে গ্রহণযোগ্য কনটেন্টে অভ্যস্ত তারা।

এতে করে দুই থেকে তিন মিনিটের ভিডিও বা কয়েক লাইনের পোস্ট সেখানে দীর্ঘ ব্লগপোস্টের জায়গা দখল করে নিচ্ছে। ফলে ব্লগে সময় ব্যয় করার আগ্রহ অনেকের কাছেই কম আকর্ষণীয় হয়ে উঠেছে।
দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমিক সুবিধার প্রভাব। ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্ম নতুন কনটেন্টকে দ্রুত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে এভাবে। একটি ভিডিও বা পোস্ট রাতারাতি লাখো মানুষের কাছে পৌঁছাতে পারে।
বিপরীতে ব্লগের ক্ষেত্রে পাঠক তৈরি করতে সময় লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝা দরকার হয় এবং নিয়মিত আপডেটের চাপ থাকে। এতে তাৎক্ষণিক দৃশ্যমান ফল না পেয়ে অনেকেই মাঝপথে আগ্রহ হারান।
তৃতীয়ত, আয়ের অনিশ্চয়তাও এ ক্ষেত্রে নিয়ামক হয়ে ওঠে। সাদারণত ব্লগিং থেকে আয় মূলত বিজ্ঞাপন, স্পনসর কনটেন্ট বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওপর নির্ভর করে। কিন্তু সার্চ ইঞ্জিনের নীতিমালা পরিবর্তন, বিজ্ঞাপন আয়ের হার কমে যাওয়া এবং প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ব্লগ থেকে টেকসই আয় করা কঠিন হয়ে পড়েছে।
অন্য দিকে, ভিডিও বা সামাজিক প্ল্যাটফর্মে মনিটাইজেশনের পথ তুলনামূলক সহজ ও দ্রুত বলে মনে হচ্ছে। চতুর্থত, প্রযুক্তিগত জটিলতাও আরেকটি সমস্যা। ব্লগ চালাতে ডোমেইন, হোস্টিং, সাইট সিকিউরিটি, লোডিং স্পিড, এসইও — এমন নানা কারিগরি বিষয়ের সঙ্গে পরিচিত হতে হয়। নতুন লেখকদের জন্য এই প্রক্রিয়া অনেক সময় নিরুৎসাহজনক হয়ে ওঠে।
অথচ সামাজিক প্ল্যাটফর্মে এসব ঝামেলা নেই; অ্যাকাউন্ট খুলেই কনটেন্ট প্রকাশ করা যায়। পঞ্চমত, কনটেন্টের ধরন বদলে যাওয়া। বর্তমানে ভিজ্যুয়াল স্টোরিটেলিং বেশি জনপ্রিয়। ছবি, ইনফোগ্রাফিক ও ভিডিও মানুষের মনোযোগ দ্রুত টানে। টেক্সটভিত্তিক ব্লগ সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, বিশেষ করে যখন পাঠক সংখ্যা মূলত মোবাইল ব্যবহারকারী।
ষষ্ঠত, তথ্যের অতিপ্রাচুর্য। অনলাইনে এখন এত বেশি লেখা ও তথ্য রয়েছে যে নতুন ব্লগের জন্য আলাদা করে চোখে পড়া কঠিন। বিশেষায়িত বিষয় ছাড়া সাধারণ ব্লগগুলো সহজেই ভিড়ে হারিয়ে যায়। এতে নতুন লেখকরা মনে করেন, তাদের লেখা পড়বে কে — এই সংশয় থেকেই ব্লগিং ছেড়ে দেন।
তবে ব্লগিং পুরোপুরি বিলুপ্ত হচ্ছে — এমন বলা যাবে না। বরং এর চরিত্র বদলাচ্ছে। গভীর বিশ্লেষণ, গবেষণাধর্মী লেখা, ব্যক্তিগত ডায়েরি কিংবা নির্দিষ্ট নিসভিত্তিক কনটেন্টে ব্লগ এখনো শক্তিশালী মাধ্যম। দ্রুত জনপ্রিয়তার যুগে ব্লগিং ধীর, কিন্তু স্থায়ী প্রভাবের জায়গা হয়ে থাকছে।
সুতরাং ব্লগিংয়ের আবেদন কমার পেছনে মূলত সময়ের চাহিদা, প্রযুক্তির গতি ও ব্যবহারকারীর অভ্যাস দায়ী। তাৎক্ষণিকতা যেখানে মুখ্য, সেখানে ধৈর্যসাপেক্ষ লেখালেখি পিছিয়ে পড়াই স্বাভাবিক। তবু যারা গভীর পাঠক তৈরি করতে চান, তাদের জন্য ব্লগ এখনো এক অনন্য ক্ষেত্র — শুধু পথচলার ধরন বদলে গেছে।
#আরএ

