প্রযুক্তি বিশ্বে বর্তমানে এক রুদ্ধশ্বাস পরিবর্তনের খেলা চলছে। গত সপ্তাহান্ত জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে “ক্যানসেল চ্যাটজিপিটি” (Cancel ChatGPT) এবং “কুইট জিপিটি” (QuitGPT)-র মতো হ্যাশট্যাগগুলো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। এই গণ-বয়কটের সরাসরি সুফল পেয়েছে অ্যানথ্রোপিক (Anthropic) কোম্পানির এআই চ্যাটবট ‘ক্লড’ (Claude)।
সোমবার এটি অ্যাপলের ইউএস অ্যাপ স্টোরের ফ্রি-ডাউনলোড চার্টে শীর্ষস্থান দখল করেছে। তবে চাহিদার এই অভূতপূর্ব চাপে ক্লড সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল, যা সিলিকন ভ্যালিতে এক বিরল ঘটনার জন্ম দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিক হলেও এটি স্পষ্ট হয়ে গেছে যে, মানুষ এখন নীতিগত কারণে চ্যাটবট পরিবর্তনের বিষয়ে কতটা সংবেদনশীল।
এই অস্থিরতার মূল সূত্রপাত হয়েছে ওয়াশিংটন থেকে। পেন্টাগনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অ্যানথ্রোপিক একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, কারণ তারা দুটি বিষয়ে কোনো আপস করতে রাজি ছিল না: আমেরিকানদের ওপর গণ-নজরদারি এবং স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরি। কয়েক শ মিলিয়ন ডলারের রাজস্বের হাতছানি থাকলেও মৌলিক অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে তারা অনড় থেকেছে। এর ঠিক উল্টো পথে হেঁটেছে ওপেনএআই (OpenAI)।
আরও পড়ুন- চ্যাটজিপিটি আউটেজ কী? পরিত্রাণের উপায়
তারা পেন্টাগনের সঙ্গে একটি বিশেষ চুক্তিতে সই করেছে যা তাদের উন্নত এআই সিস্টেমগুলোকে সংবেদনশীল পরিবেশে ব্যবহারের অনুমতি দেয়। যদিও ওপেনএআই দাবি করেছে যে তাদের নিজস্ব নিরাপত্তা কবচ রয়েছে, কিন্তু পেন্টাগন তাদের শর্ত থেকে এক চুলও নড়েনি। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান স্বীকার করেছেন যে, এই চুক্তিটি তড়িঘড়ি করে করা হয়েছে এবং এটি দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না।
এই ঘটনার পর শুরু হওয়া বয়কটে আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ ওপেনএআই-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিযোগিতামূলক অ্যাপ হিসেবে ক্লড ডাউনলোড করছেন। অ্যানথ্রোপিক জানিয়েছে, বছরের শুরু থেকে তাদের সক্রিয় ব্যবহারকারী ৬০ শতাংশ বেড়েছে এবং পেইড সাবস্ক্রিপশন দ্বিগুণেরও বেশি হয়েছে।
যদিও চ্যাটজিপিটির ৯০ কোটি সাপ্তাহিক ব্যবহারকারীর তুলনায় এটি এখনো অনেক কম, তবে নৈতিক অবস্থান যে বাজারের সমীকরণ বদলে দিতে পারে, তা এই ঘটনা থেকে স্পষ্ট। চ্যাটজিপিটি যেখানে প্রতিরক্ষা চুক্তির কারণে সমালোচিত হচ্ছে, সেখানে অ্যানথ্রোপিক তাদের অনড় অবস্থানের জন্য প্রশংসা কুড়াচ্ছে।
টেলিগ্রাফ/কিউজেড/এমউই

