ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে গত বিপিএলের নিলামের ড্রাফটে রাখা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের ম্যাচ ফিক্সিং বিষয়ক তদন্ত কমিটিও এই অভিযোগের স্বপক্ষে প্রমান পেয়েছিল। এর পরপরই গুঞ্জন উঠে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, যদিও বিজয় দাবি করেছিলেন তিনি কোনো নিষেধাজ্ঞার নোটিস পাননি। জানা যায়, বিসিবির তদন্ত কমিটির অনুরোধেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
পরবর্তীতে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ মিথ্যা দাবি করে তিনি দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের, বিসিবি বরাবর পাঠিয়েছেন লিগ্যাল নোটিস। তবুও, কোনোকিছুতেই যেন মেলেনি প্রতিকার। এবারও বিপিএলের নিলামের ড্রাফটে তার নাম না থাকায় হতাশা ব্যক্ত করে জানিয়েছেন, বিসিবি যদি তার সম্মান না ফিরিয়ে দেন তবে ক্রিকেট ছেড়ে দিবেন তিনি।
গতকাল (০৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ চলছিল। প্রথম আলোর রিপোর্ট অনুসারে, এসময় এনামুল হক বিজয় সাংবাদিকদের সাথে কথা বলতে চান এবং মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জানান, “‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটেই ফিরবেন না।” এসময় তিনি সাংবাদিকদের সামনে দুইটি পয়েন্ট তুলে ধরেন।
প্রথমত, ২০২৪ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলার পারিশ্রমিক তিনি এখনো বুঝে পাননি। দ্বিতীয়ত, ২০২৫ সালের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে তাঁর ওপর অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার ফলে সর্বশেষ আসরে তিনি অংশ নিতে পারেননি। অথচ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণও প্রকাশ করা হচ্ছে না। এনামুল জানিয়েছেন, এ দুটি বিষয়ে বিসিবির সঙ্গে বারবার যোগাযোগ করেও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না।
বিসিএলে না খেলার কারণ ব্যাখ্যা করে এনামুল সাংবাদিকদের বলেন, “যতক্ষণ না বিসিবি আমাকে আমার সম্মান ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি ক্রিকেটে ফিরছি না। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে বিজয় অপরাধী নয়, তাঁর নাম ভুলবশত এসেছে এবং তাঁর পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। তাদের স্বীকার করতে হবে যে আমাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল এবং এখন বিষয়টি সুন্দরভাবে মীমাংসা হয়েছে। বিসিবি যখন স্পষ্টভাবে এসব বলবে এবং আমার সব ধরনের খেলায় ফেরার পথ পরিষ্কার করবে, তখনই আমি আবার মাঠে নামব।”
এনামুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন—তিনি ফিক্সিংয়ে জড়িত থাকলে তার স্পষ্ট প্রমাণ দিতে হবে। তবে এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল, সহসভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ইফতেখার রহমানের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি তিনি।
২০২৪ সালের বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। তাদের জমা দেওয়া ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনা করে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল গত আসরের জন্য বিশেষ পরামর্শ দেন। সেই সুপারিশ অনুযায়ী, সন্দেহভাজন ৯ ক্রিকেটার ও বেশ কয়েকজন কর্মকর্তাকে সর্বশেষ বিপিএল থেকে বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
অভিযোগের সপক্ষে দীর্ঘ সময়েও কোনো প্রমাণ হাজির করতে না পারাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন এনামুল। তিনি বলেন, ‘কেউ যদি অপরাধ করে থাকে, তবে তা খুঁজে বের করার জন্য এক-দুই সপ্তাহ বা এক মাসই যথেষ্ট। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও যেখানে কিছুই পাওয়া যাচ্ছে না বা জানা যাচ্ছে না—তার মানে তো স্পষ্ট যে সে কিছুই করেনি। বিষয়টিকে এভাবেই দেখা উচিত।’
নিজের নির্দোষিতার প্রমাণ চেয়ে বিসিবির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এনামুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো অপরাধ করে থাকলে তা এত দিনে প্রমাণিত হতো। এনামুলের ভাষ্য, “আমি যদি ফিক্সিং করতাম, তবে তা আড়াল করা সম্ভব হতো না। আমি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি নির্দোষ। আমি সরাসরি বলছি—আমি কিছুই করিনি; যদি করে থাকি, তবে প্রমাণ দেখান। প্রমাণ পেলে আমি আর ক্রিকেটই খেলব না।”
বিপিএল থেকে ছিটকে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই ক্রিকেটার। তার ওপর ২০২৪ সালের আসরে খেলেও পারিশ্রমিক পাননি বলে দাবি তাঁর। এই বিতর্কের নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। এনামুল আক্ষেপ করে বলেন, “বিপিএল নিয়ে ওঠা এই ভিত্তিহীন প্রশ্নের কারণে প্রিমিয়ার লিগে আমাকে অনেক কম পারিশ্রমীকে খেলতে হচ্ছে। ক্লাবগুলো দ্বিধায় ভোগে যে, এমন একজন খেলোয়াড়কে দলে নেওয়া ঠিক হবে কি না। এই সুযোগে তারা আমাকে ন্যায্য পারিশ্রমিক দিতে চাইছে না।”
৩২ বছর বয়সী এনামুল হক বিজয় ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত ‘দুর্বার রাজশাহীর’ অধিনায়ক ছিলেন। উল্লেখ্য, এনামুল হক বিজয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন।

