মামুন রণবীর, নেত্রকোণা || দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার হলো নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে মঙ্গলবার (১৯ মে) পৌর যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
শহরের প্রবেশমুখে এই এলাকায় দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলায় এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা রোগের প্রকোপ দেখা দেয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ডেপুটি স্পিকারের দৃষ্টিগোচর হয় এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলী বলেন, “আবর্জনার দুর্গন্ধে এই এলাকার মানুষের জীবন অতিষ্ট হয়ে গিয়েছিল। এখানকার মানুষ বিভিন্ন অসুখে আক্রান্ত হতেন। ময়লা পরিষ্কার হওয়ায় এবার দুর্ভোগ দূর হলো।”
স্থানীয় কলেজ শিক্ষার্থী হাসান আহমেদ বলেন, “ময়লার ভাগাড়ের পাশ দিয়ে চলাফেরা করা যেত না। শিক্ষার্থীসহ সবাই প্রতিনিয়ত কষ্ট পেতেন। শহরের প্রবেশমুখে এমন দৃশ্য দেখতেও কুৎসিত লাগত।”
দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পৌর শহরের বর্জ্য নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “ডেপুটি স্পিকারের সাথে পরামর্শ করে কিছুদিনের মধ্যেই ডাম্পিং পয়েন্ট নির্মাণের প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণও করা হবে।”

