যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস সম্মেলন (RAAICON 2026), যা আগামী ১৮-১৯ সেপ্টেম্বর সশরীরে ও অনলাইনে অনুষ্ঠিত হবে।
কেন গুরুত্বপূর্ণ: রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক মানের সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবি বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা দেশের প্রযুক্তি গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সহায়ক হবে।
বড় ছবি: আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশ নেবেন।
- সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত যানবাহন, বায়ো-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন ও টেকসই প্রযুক্তি নিয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে।
- গৃহীত গবেষণাপত্র আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।
পর্দার আড়ালে: সম্মেলনের কনফারেন্স চেয়ার ও যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
- তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র ও সেরা উপস্থাপনা পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
সময়সূচি: গবেষণাপত্র জমার শেষ সময় ৮ জুলাই ২০২৬। গ্রহণযোগ্য গবেষণাপত্রের তালিকা প্রকাশ পাবে ১৮ আগস্ট, আর চূড়ান্ত গবেষণাপত্র জমা ও লেখক নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট।

