কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বীজ, সার ও বিভিন্ন উপকরণ বিতরণ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজ, হাইব্রিড শাকসবজি, মরিচ, আমন ধান ও লেবুর চারা বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান, বিএনপি নেতা বিল্লাল হোসেন ও গোলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলা এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

