ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেও, তিনি দেশের ভূখণ্ডে পা রাখা মাত্রই তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এম আসাদুজ্জামান।
আইনমন্ত্রী এম আসাদুজ্জামান গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন যে, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তিনি আদালতের কাছে আত্মসমর্পণের উদ্দেশ্যে এলেও দেশে প্রবেশের সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করা হবে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে কিংবা কারাগারে পাঠানো হতে পারে। আমি আমার ভাগ্য সম্পর্কে পুরোপুরি সচেতন, তবুও আমি ফিরে যেতে চাই কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে।”
এর জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “পাসপোর্ট বাতিল হওয়া সত্ত্বেও তিনি কীভাবে ফিরবেন তা তার সমস্যা, তবে তিনি আমাদের সীমান্তে প্রবেশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয় এবং সরকার গঠন করে।
তবে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ড বা সুষ্ঠু বিচারের মানদণ্ড অনুযায়ী হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে।

