টেলিগ্রাফ রিপোর্ট
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় পুড়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টার দিকে সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আগে একটি দোকান ছিল। পরবর্তীতে সেটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। দোকানের কিছু মালামাল এখনো ঘরের মাচার ওপর রাখা ছিল। রাতের আঁধারে হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে পাশের দোকানের মালিক মনছুর জেগে ওঠেন। তিনি হাকডাক শুরু করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের আসবাবপত্র, কাগজপত্রসহ ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। মনছুর জানান, আগুনে তার দোকানও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাস্থলের আশপাশে কাউকে দেখতে পাননি বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে দুই লিটারের একটি খালি পানির বোতল উদ্ধার করা হয়েছে, যার ভেতরে কেরোসিন বহনের আলামত পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেন।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, সম্প্রতি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের সময়ে এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, যাদের কেউ কেউ এখনো চিকিৎসাধীন। এ অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সোনাতলা গ্রামের এক নং ওয়ার্ডের বিএনপি নেতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি ও কয়েকজন জামায়াত কর্মীকে অভিযুক্ত করে একটি ঘরপোড়া মামলা দায়ের করেছেন। মামলা নম্বর–০৬। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

