রাজধানী ঢাকার ব্যস্ত নাগরিক জীবনে পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা অবসর কাটানোর জায়গা খুঁজলে মিরপুরের চটবাড়ী এলাকায় অবস্থিত তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক হতে পারে সহজ একটি গন্তব্য।
আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন তুরাগ নদীর তীরে গড়ে ওঠা এই পার্কটি মূলত পরিবারভিত্তিক বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় এক একর জায়গা জুড়ে নির্মিত পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইড, সবুজ পরিবেশ এবং শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা।
শহরের কোলাহল থেকে কিছুটা দূরে হলেও যোগাযোগ সহজ হওয়ায় ছুটির দিনে অনেকেই এখানে সময় কাটাতে আসেন। পার্কের চারপাশে গাছপালা ও ফুলের বাগান পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। তুরাগ নদীর বাতাস এবং খোলা পরিবেশ দর্শনার্থীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেয়।
পার্কের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনের আয়োজন। এখানে রোলার কোস্টার, মেরি-গো-রাউন্ড, মনোরেল, ওয়ান্ডার হুইল, নাগরদোলা, প্যারাট্রুপার, সোয়ান অ্যাডভেঞ্চার, ফ্রগ হুপারসহ নানা রাইড রয়েছে।
শিশুদের জন্য রয়েছে কিডস জোন ও বৈদ্যুতিক মিনি ট্রেন। এছাড়া ওয়াটার প্লে-গ্রাউন্ড ও সুইমিং সুবিধাও আছে, যেখানে নির্দিষ্ট ফি দিয়ে দর্শনার্থীরা সময় কাটাতে পারেন।
প্রবেশমূল্য তুলনামূলক কম হওয়ায় এটি মধ্যবিত্ত পরিবারের কাছে জনপ্রিয় একটি বিনোদনকেন্দ্র। সাধারণত জনপ্রতি প্রবেশ টিকিট ৬০ থেকে ৭০ টাকার মধ্যে, তবে প্রতিটি রাইডের জন্য আলাদা টিকিট নিতে হয়। রাইডভেদে খরচ সাধারণত ৫০ থেকে ১০০ টাকার মধ্যে হয়ে থাকে।
কীভাবে যাবেন
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে যেতে হলে প্রথমে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড বা মাজার রোডে নামতে হবে। সেখান থেকে আশুলিয়া বেড়িবাঁধ সড়ক ধরে রিকশা বা অটোরিকশায় সহজেই পার্কে পৌঁছানো যায়।
জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পশ্চিম দিকে বেড়িবাঁধের কাছে এর অবস্থান। এছাড়া উত্তরা বা আশুলিয়া দিক থেকেও বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে সরাসরি আসা যায়।
যা দেখবেন
পার্কের মূল আকর্ষণ বিভিন্ন রাইড এবং প্রাকৃতিক পরিবেশ। তুরাগ নদীর তীরের বাতাসে বসে সময় কাটানোর জন্য রয়েছে নানা নামের ছাউনি ও বসার স্থান।
শিশুদের জন্য কিডস জোন, মিনি ট্রেন ও ছোট রাইড রয়েছে। বড়দের জন্য রয়েছে রোলার কোস্টার, নাগরদোলা, প্যারাট্রুপার এবং মনোরেল। এছাড়া সুইমিং পুল ও ওয়াটার প্লে-গ্রাউন্ড দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।
কোথায় খাবেন
পার্কের ভেতরেই রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট ও ছোট খাবারের দোকান। সেখানে চটপটি, নুডলস, কাবাব, লুচি, চিকেন ফ্রাইসহ দেশি ও চাইনিজ ধরনের খাবার পাওয়া যায়। চাইলে পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিক আয়োজনের ব্যবস্থাও রয়েছে।
কোথায় থাকবেন
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সাধারণত একদিনের ভ্রমণের জন্য উপযোগী। তবে দূর থেকে কেউ এলে মিরপুর-১ এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্টহাউসে থাকার ব্যবস্থা পাওয়া যায়। মিরপুরের প্রধান সড়ক ঘেঁষে মাঝারি মানের বেশ কিছু হোটেল রয়েছে, যেগুলো পর্যটকদের জন্য সুবিধাজনক।
ঢাকার ভেতরে স্বল্প সময়ে ঘুরে আসার জন্য তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক একটি সহজলভ্য বিনোদনকেন্দ্র। পরিবার বা শিশুদের নিয়ে ছোট পরিসরে আনন্দময় সময় কাটাতে অনেকেই বেছে নেন মিরপুরের এই পার্কটিকে।

