ঢাকার অদূরে সাভারের সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই আবাসিক বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষা ও গবেষণার জন্যই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যও পরিচিত।
প্রায় ৩০০ একরের বেশি বিস্তৃত ক্যাম্পাসজুড়ে রয়েছে অসংখ্য গাছপালা, জলাশয়, পাখি এবং পশুর সম্মেলন। নাম প্রজাপতি গার্ডেন। তাই ভ্রমণপিপাসুদের কাছে এটি ঢাকার কাছাকাছি অন্যতম আকর্ষণীয় ঘোরার জায়গা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রকৃতি। ক্যাম্পাসে ঢুকলেই চোখে পড়ে দীর্ঘ সবুজ রাস্তা, দুই পাশে সারি সারি গাছ এবং নীরব পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে শীতকালে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। এই দৃশ্য দেখতে প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি গার্ডেনও ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ। এখানে নানা প্রজাতির প্রজাপতি, ফুলের বাগান এবং প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে এক মনোরম আবহ তৈরি হয়েছে। শিক্ষার্থী ও গবেষকদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও এই গার্ডেনে এসে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ পান।
এছাড়া ক্যাম্পাসের লেকগুলো ঘিরে বিকেলের সময়টা বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের আড্ডা, হাঁটাহাঁটি এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এটি হয়ে ওঠে এক অনন্য পরিবেশ। ক্যাম্পাসের স্থাপত্যও দৃষ্টিনন্দন; বিভিন্ন অনুষদের ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি এবং শহীদ মিনার ভ্রমণকারীদের নজর কাড়ে।
কিভাবে যাবেন
ঢাকার যে কোনো স্থান থেকে সাভারের উদ্দেশে বাসে উঠলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহজেই পৌঁছানো যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার বা আশুলিয়াগামী বাসে উঠলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছেই নামা যায়। ব্যক্তিগত গাড়িতে গেলে ঢাকা–আরিচা মহাসড়ক ধরে সাভার পৌঁছে সেখান থেকে অল্প দূরেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ।
যা দেখবেন
ক্যাম্পাসে ঢুকে প্রথমেই চোখে পড়বে বিশাল সবুজ প্রান্তর ও গাছপালায় ঘেরা রাস্তা। প্রজাপতি গার্ডেন ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক, অতিথি পাখির আবাসস্থল, শহীদ মিনার, কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভিন্ন অনুষদের স্থাপত্যও দেখার মতো।
বিকেলের দিকে লেকের পাড়ে হাঁটলে ক্যাম্পাসের প্রকৃত সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে।
কোথায় খাবেন
বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে সাধারণ খাবার পাওয়া যায়। এছাড়া প্রধান ফটকের বাইরে সাভার বাজার এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান আছে।
সেখানে ভাত, মাছ-মাংস, বিরিয়ানি বা নাস্তার নানা পদ পাওয়া যায়।
কোথায় থাকবেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাধারণ পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা সীমিত। তাই থাকার জন্য সাভার বাজার বা ঢাকার বিভিন্ন হোটেল বেছে নেওয়া ভালো। সাভারে কয়েকটি মাঝারি মানের হোটেল রয়েছে যেখানে স্বল্প খরচে থাকা যায়। চাইলে ঢাকার ধানমন্ডি বা মিরপুর এলাকায় থেকেও দিনের ভ্রমণে এখানে ঘুরে আসা সম্ভব।
সবুজ প্রকৃতি, পাখির কলকাকলি এবং প্রজাপতির রঙিন ডানায় সাজানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার কাছাকাছি এক অনন্য ভ্রমণস্থল। প্রকৃতিপ্রেমী কিংবা শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে কাটাতে চাইলে এই ক্যাম্পাসে একদিন কাটানো হতে পারে ভিন্ন পছন্দ।

