পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা।
গোলাপি রঙের এই প্রাসাদ শুধু একটি স্থাপত্যকীর্তিই নয়, বরং ঢাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী।
একসময় ঢাকার নবাবদের বাসভবন হিসেবে ব্যবহৃত এই ভবন এখন একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে অতীতের নানা স্মৃতি ও ঐতিহ্য।
আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে। সে সময় ঢাকার জমিদার শেখ এনায়েত উল্লাহ বুড়িগঙ্গার তীরে একটি বাগানবাড়ি ও প্রমোদকক্ষ নির্মাণ করেন, যা ‘রংমহল’ নামে পরিচিত ছিল।
পরবর্তীকালে এটি ঢাকার নবাব পরিবারের হাতে আসে এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ প্রাসাদে রূপ নেয়। নবাব আবদুল গনি তাঁর পুত্র খাজা আহসানউল্লাহর নামানুসারে প্রাসাদটির নাম রাখেন ‘আহসান মঞ্জিল’।
স্থাপত্যশৈলীর দিক থেকে আহসান মঞ্জিল একটি অনন্য নিদর্শন। ইউরোপীয় ও মোগল স্থাপত্যরীতির মিশ্রণে নির্মিত এই ভবনটির মাঝখানে রয়েছে বিশাল গম্বুজ, সামনে প্রশস্ত সিঁড়ি এবং দীর্ঘ বারান্দা।
প্রাসাদের দুই পাশে বিস্তৃত অংশে রয়েছে বহু কক্ষ, যা একসময় নবাব পরিবারের আবাসন ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করা এই স্থাপনাটি দূর থেকেই নজর কাড়ে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও আহসান মঞ্জিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯০৬ সালে এই প্রাসাদেই অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সম্মেলন, যেখানে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই ঘটনার মধ্য দিয়ে আহসান মঞ্জিল উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব লাভ করে।
স্বাধীনতার পর এক সময় এই ঐতিহাসিক স্থাপনাটি নিলামে বিক্রি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিলাম প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ভবনটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে সংস্কার করে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়।
বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘরে চার হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এসব নিদর্শনের মধ্যে রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, আলোকসজ্জা সামগ্রী, চিত্রকর্ম ও বিভিন্ন ঐতিহাসিক দলিল।
যা দেখবেন
আহসান মঞ্জিলে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে গোলাপি রঙের দৃষ্টিনন্দন প্রাসাদ ও এর বিশাল সিঁড়ি। ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ ও প্রদর্শনী গ্যালারি, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী প্রদর্শিত হয়।
পুরনো আসবাবপত্র, শৌখিন ঝাড়বাতি, চিত্রকর্ম এবং বিভিন্ন নিদর্শন দর্শনার্থীদের অতীতের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রাসাদের ছাদ ও বারান্দা থেকে বুড়িগঙ্গা নদীর দৃশ্যও উপভোগ করা যায়।
কীভাবে যাবেন
ঢাকার যেকোনো স্থান থেকে গুলিস্তান বা সদরঘাটগামী বাসে করে পুরান ঢাকার ইসলামপুর বা সদরঘাট এলাকায় নামা যায়। সেখান থেকে রিকশায় অল্প সময়েই পৌঁছানো যায় আহসান মঞ্জিলে।
কমলাপুর রেলস্টেশন থেকেও রিকশা বা সিএনজি নিয়ে সহজে যাওয়া সম্ভব।
প্রবেশ সময় ও টিকিট
শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে আহসান মঞ্জিল জাদুঘর। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৪০ টাকা। ১২ বছরের নিচে শিশুদের জন্য টিকিট ২০ টাকা।
সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা নির্ধারিত।
কোথায় খাবেন
আহসান মঞ্জিলের আশপাশে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের বহু দোকান রয়েছে। ইসলামপুর, চকবাজার ও সদরঘাট এলাকায় বিরিয়ানি, কাবাব, নানসহ বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায়, যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
কোথায় থাকবেন
ঢাকার বাইরে থেকে আসা পর্যটকরা গুলিস্তান, মতিঝিল বা পল্টন এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে থাকতে পারেন। এসব স্থান থেকে আহসান মঞ্জিলে যাতায়াত সহজ এবং সময়ও কম লাগে।
ঢাকার ইতিহাস ও নবাবি ঐতিহ্যের প্রতীক হিসেবে আহসান মঞ্জিল আজও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। অতীতের রাজকীয় জীবনধারা ও উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের স্মৃতি ধারণ করে এই গোলাপি প্রাসাদ এখনো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

