জাতীয় ডেস্ক | ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) চূড়ান্ত খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের পর্যালোচনা কমিটি এই নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে। মন্ত্রিসভায় অনুমোদিত হলে প্রজ্ঞাপন জারির কাজ সম্পন্ন করে আগামী সেপ্টেম্বর মাসেই নতুন বেতন স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হতে পারে। এতে সরকারের ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার গঠিত ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নাসিমুল গনি কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন মূল কমিশন বিদ্যমান ২০ গেড বহাল রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল।
তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাসিমুল গনি কমিটি বৃদ্ধির হার সর্বোচ্চ ১০০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার এবং চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন ধাপে ধাপে কার্যকর করার সুপারিশ করেছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে নতুন পে স্কেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে সেবা দিয়ে আসছেন। মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।”
প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

