ক্যাম্পাস ডেস্ক | ২৭ জুলাই ২০২৬
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ করা হবে। আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারিখ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে অভিন্ন পদ্ধতিতে একই দিনে এই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা কীভাবে তাদের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবে, সে সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল খালেক বলেন, “আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।”
এর আগে গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ২১ এপ্রিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয় এবং ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থী ও কেন্দ্রের বিবরণ
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০,৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সারা দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪,৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে ১০ আগস্ট দেশব্যাপী একযোগে ফলাফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

