হঠাৎ করেই অনেক সময় অনেকের বন্ধু বা নিকটাত্মীয়ের বিয়ে ঠিক হয়ে যায়। কিংবা দেখা যায়, মাসের শেষ দিকে আপনার সবথেকে কাছের বান্ধবীটার বিয়ে। হুট করেই একটা বড় খরচের চাপে তখন আপনার মন দিশেহারা হয়ে পড়ার উপক্রম হয়।
কিন্তু সেটি কোনো সমাধান নয়। কারণ মাত্র ২০০০ টাকার বাজেটেই আপনি দিতে পারবেন আপনার বন্ধুকে ভালো মানের উপহার! মাথা খাটিয়ে এই উপায়গুলো অবলম্বন করুন।
যে সব বিষয় বিবেচনায় রাখবেন
বাজেট অল্প মানেই, মানসম্মত উপহার—এ ধারণা পোষণ ঠিক নয়। বরং উপযোগিতা এবং আন্তরিকতার নিরিখে নিরূপিত হয় উপহারের মান।
সেই প্রেক্ষাপট বিবেচনায় রেখে আপনার বন্ধু বা নিকটাত্মীয়ের বিয়েতে স্বল্প খরচেই উপহার দিতে পারেন একটি টেকসই উপহার। তবে সেটিকে হতে হবে প্রয়োজনীয় এবং প্যাকেজিং করতে হবে দর্শনীয়ভাবে।
হোম অ্যাপ্লায়েন্স অ্যাক্সেসরিজ
বিয়ের পর নতুন সংসারের সূচনায় অনেক প্রয়োজনীয় জিনিসের দরকার হয়। সে দিক বিবেচনায় অল্প খরচে আপনি সহজেই হোম অ্যাপ্লায়েন্স অ্যাক্সেসরিজকে বেছে নিতে পারেন আপনার বন্ধুর বিয়ের উপহার হিসেবে।এ তালিকায় রাখতে পারেন ইলেকট্রিক কেতলি, ড্রাই আয়রন, হ্যান্ড ব্লেন্ডার, রাইস কুকার।
সাধারণত ১২০০-১৮০০ টাকার ভেতরেই ভালো মানের কেতলি, ১০০০-১৫০০ টাকার ভেতরে ড্রাই আয়রন, ১৫০০-২০০০ টাকায় হ্যান্ড ব্লেন্ডার এবং ১-১.৫ লিটারের রাইস কুকার পাওয়া যায় দেশের বাজারে।
কিচেন ও ডাইনিং সামগ্রী
রান্নাবান্না কিংবা ডাইনিং সামগ্রী বিয়েতে উপহার দেওয়ার জন্য এক চমৎকার অপশন হিসেবে পরিগণিত হয়। আতিথেয়তা কিংবা দৈনন্দিন প্রয়োজনে এ ধরনের সামগ্রীর জুড়ি মেলা ভার।
এ কারণে ননস্টিক ফ্রাইপ্যান সেট, ডিনার সেট, গ্লাস/কাপ সেট এবং হটপট/ক্যাসারোল সেট হতে পারে আপনার বন্ধুর বিয়ের এক উত্তম উপহার। ১৫০০-২০০০ টাকায় ফ্রাইপ্যান, ১০০০-১৫০০ টাকায় নান্দনিক ডিজাইনের গ্লাস/কাপ সেট, ১০০০-১৮০০ টাকায় হটপট বা ক্যাসারোল সেট মিলবে সহজেই।
হোম ডেকোর
গৃহসজ্জার সামগ্রী হতে পারে স্বল্প ব্যয়ে মনোরম উপহার দেওয়ার আরেকটি উপায়। এটি অনেক সময় আপনার বন্ধুকে আপনার কথা স্মরণ করিয়ে দিতেও প্রলুব্ধ করতে পারে।বিলাসবহুল বেডশিট, ওয়াল ক্লক, জায়নামাজ বা তসবিহ সেট, টেবিল ল্যাম্প বা শেড হতে পারে এমন ধরনের উদাহরণ।
১২০০-১৮০০ টাকায় আকর্ষণীয় ডিজাইন ও মানের বেডশিট, ১০০০-১৫০০ টাকায় ভালো মানের অ্যান্টিক কিংবা থ্রিডি ডিজাইনের দেয়াল ঘড়ি, ৮০০-১৫০০ টাকায় ল্যাম্প বা শেড, ১০০০-১৫০০ টাকায় জায়নামাজ, তসবিহ কিংবা আতরদানির সেট সহজলভ্য বাংলাদেশের বাজারে।
কাস্টমাইজড ও ব্যক্তিগত উপহার
বিয়ের বর-কনের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতেও আপনি দিতে পারেন সাশ্রয়ী ব্যয়ে উপহার৷ ফাস্ট ট্র্যাক বা চাইনিজ ব্র্যান্ডের কাপল ওয়াচ, ডিজিটাল আর্ট ফ্রেম কিংবা প্রখ্যাত লেখকদের বইকে যুক্ত করা যেতে পারে এই তালিকায়।
১২০০-২০০০ টাকায় কাপল ওয়াচ এবং ১০০০-১৫০০ টাকা খরচে আর্ট ফ্রেম বেছে নেওয়া যেতে পারে এ ক্ষেত্রে। বইয়ের মূল্য লেখক ভেদে হেরফের হতে পারে।
উপহার কেনার আগে যা খেয়াল রাখবেন
যে কোনো ধরনের উপহার কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স জাতীয় পণ্য কেনার সময় ক্রয়ের তারিখ ও দোকানদারের সিল সংবলিত ওয়ারেন্টি কার্ড চেক করতে হবে। প্রিমিয়াম র্যাপিং কৌশল ব্যবহার করতে হবে। এতে উপস্থাপনের বিষয়টি হবে আরও নান্দনিক। প্রয়োজনে এক্সচেঞ্জ সুবিধার বিষয়গুলোও জেনে নিতে হবে বিপণনকারী প্রতিষ্ঠান হতে।
এই সহজ টোটকাগুলো কাজে লাগিয়ে সহজেই যে কেউ স্বল্প ব্যয়ে মানসম্মত উপহার দিতে পারেন যে কারোরই বিয়েতে। যা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যকার সম্পর্ককে করতে পারে আরেক ধাপ উন্নত।
#আরএ

