মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) | চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর এলাকায় গভীর রাতে একা থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ঘটা এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে এক ব্যক্তি ওই বৃদ্ধার কক্ষে ঢুকে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখায়। এরপর তার গায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থও নিয়ে যায়। বাইরে আরও কয়েকজন সহযোগী আছে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা বাড়ির অন্যান্য কক্ষেও তল্লাশি চালায় এবং আলমারি ও আসবাবপত্র তছনছ করে। মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী বৃদ্ধা বলেন, “গভীর রাতে হঠাৎ ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। আতঙ্কে কোনো প্রতিরোধ করতে পারিনি।”
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। লোহাগাড়া থানার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

